শিশুশিল্পী নক্ষত্রার শুটিং ও প্রচারে অংশগ্রহণ, কাজের সময়, পারিশ্রমিক এবং নিরাপত্তা নিয়ে অভিযোগের ভিত্তিতে ‘ইরুমুড়ি’ সিনেমার প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্সকে নোটিশ পাঠিয়েছে তেলেঙ্গানার শ্রম দপ্তর। আগামী ৪ নভেম্বর প্রযোজকদের প্রয়োজনীয় নথিপত্রসহ শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে।
জয় লোক সত্তা বা সোশ্যাল জাস্টিস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সি মহেশ বাবু নক্ষত্রার কাজের সময় ও পারিশ্রমিকসহ বিভিন্ন বিষয় নিয়ে শ্রম দপ্তরে অভিযোগ করেন। শ্রম দপ্তর জানতে চেয়েছে, শিশু শ্রম বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না এবং প্রচারণামূলক অনুষ্ঠানে ব্যবহৃত কথাবার্তা শিশুশিল্পীর মর্যাদা ও নিরাপত্তায় প্রভাব ফেলেছে কি না।









