মুম্বাইয়ে বলিউড মিউজিক প্রজেক্টের (বিএমপি) দশম বর্ষপূর্তির অনুষ্ঠানে গায়িকা শিল্পা রাওয়ের পরিবেশনা শেষ হওয়ার আগেই তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। শনিবারের এই অনুষ্ঠানে একাধিকবার তার মাইক্রোফোনে সমস্যা দেখা দেয়। কয়েকটি গান গাওয়ার পর ‘চুট্টামল্লে’ গানটির সময় প্রথমবার তার মাইক্রোফোন বন্ধ করা হয়। পরে অন্য গায়ক কুটলে খানের পরিবেশনা শুরুর আগে আবারও শিল্পার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়, ফলে তিনি দর্শকদের সামনে পরিবেশনা শেষ করতে বা বিদায় জানাতে পারেননি।
দর্শকদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন। আয়োজক বলিউড মিউজিক প্রজেক্ট এক বিবৃতিতে শিল্পা, তার দল ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও অনুষ্ঠানস্থলের নির্ধারিত সময়সীমার কারণে পরিবেশনা আগেভাগে শেষ করতে বাধ্য হয়েছে। তবে হিমেশ রেশমিয়ার পরিবেশনা নির্ধারিত সময়ের পরও চলতে দেখা গেছে, যা আয়োজকদের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে।







