টেলিভিশন অভিনেতা থেকে শুরু করে বলিউড বাদশাহ এবং সফল উদ্যোক্তা – শাহরুখ খানের উত্থান এক বিস্ময়কর যাত্রা। হুরুন ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, ক্রিকেট, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে তিনি এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন।
নব্বইয়ের দশকে একের পর এক হিট সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করেন শাহরুখ। শুধু পারিশ্রমিক নয়, সিনেমার লাভের অংশীদার হওয়ার কৌশলও তাঁকে আর্থিকভাবে শক্তিশালী করেছে। যদিও তাঁর প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেডের শুরুতে ব্যবসায়িক ধাক্কা খেয়েছিল, তবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।










