রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম, আসবাবপত্র এবং সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানিয়েছেন, এই হামলা সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হয়নি। এটি নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে ঘটেছে। ৩৫ কাঠা জমির দখল/বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।





