বলিউড অভিনেত্রী কৃতি স্যানন সম্প্রতি একটি রাখি উৎসবের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মুখে পড়েন। সমালোচনার পর বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হলেও, এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং এবং নিজের পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কৃতি জানান, যারা ভারতীয় সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, তারাই তার বাবা-মা ও বোনকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন।
কারিনা কাপুর খানের শোতে অতিথি হিসেবে এসে কৃতি বলেন, ‘এত ঘৃণা কেন? যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, তারাই আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা মন্তব্য করেছেন।’ তিনি মনে করেন, নারীদের নিজেদের জন্য সরব হওয়া জরুরি এবং এই ধরনের মন্তব্যের অধিকার কেউ তাদের দেয়নি। কৃতি আরও বলেন, নারীদের পোশাক, শারীরিক গঠন বা ব্যক্তিগত বিষয় নিয়েও সমাজে প্রায়শই বিচার করা হয়।








