ভারতের আয়কর দপ্তরের সাম্প্রতিক তল্লাশি নিয়ে নিজের নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে তল্লাশি নিয়ে এত আলোচনা, তা তাঁর বিরুদ্ধে বা তাঁর সঙ্গে সম্পর্কিত ছিল না। কোনো ধরনের অবৈধ বিদেশি অর্থ লেনদেন, বেনামি সম্পত্তি বা দামি উপহার পাওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেছেন। তথ্য যাচাই না করে খবর প্রকাশের জন্য তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও অনলাইন প্রতিবেদকদের সমালোচনা করেছেন।
গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের আয়কর দপ্তর বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২টি স্থানে তল্লাশি চালায়। বিভিন্ন প্রতিবেদনে রাকুল প্রীত সিংয়ের সঙ্গে যুক্ত কিছু জায়গা, তাঁর শ্বশুর ও চলচ্চিত্র প্রযোজক ভাশু ভগনানির সঙ্গে সম্পর্কিত স্থান এবং কুমার মঙ্গত পাঠকের প্যানোরামা স্টুডিওসের নাম আসে। তবে রাকুল দাবি করেছেন, এই তল্লাশির সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক নেই।







