পিরোজপুরে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এই বাধা দেয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। অবশেষে সরকারের হস্তক্ষেপে ১৫ ঘণ্টা পর পুলিশ পাহারায় তাঁর লাশ দাফন সম্পন্ন হয়।
শনিবার রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর দাফন হয়। এর আগে তাঁর মরদেহ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানেও বাধা দেওয়া হয়েছিল। পরে পুলিশ লাইন্সে গার্ড অব অনার শেষে বিশেষ নিরাপত্তায় মরদেহ ঘিরে রাখা হয় এবং গভীর রাতে দাফন সম্পন্ন হয়।



