মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রায় দুই মিনিটের ট্রেলারে নব্বই দশকের বলিউড সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)-এর নস্টালজিক আবহের ইঙ্গিত পাওয়া গেছে। নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্যের অভিনয় ও সংলাপের মাধ্যমে শাহরুখ খান-কাজল অভিনীত সেই সিনেমার রাজ-সিমরানের প্রসঙ্গ উঠে এসেছে।
ট্রেলারে ‘ডিডিএলজে’-এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু বিষয়, যেমন শাহরুখ খান যেভাবে কাজলকে প্রপোজ করেছিলেন, সেই প্রসঙ্গও টেনে আনা হয়েছে। ব্যাকগ্রাউন্ড ও গ্রামীণ আউটডোর লোকেশনের ব্যবহার নব্বই দশকের প্রেমের সরলতা ও আবেগকে বর্তমান সময়ের গল্পের সঙ্গে মেলানোর চেষ্টা দেখা গেছে। আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত এই রোমান্টিক কমেডি ওয়েব ফিল্মটি আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।








