বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত সম্প্রতি এক অনুষ্ঠানে তার বিয়ে নিয়ে মজার তথ্য জানিয়েছেন। নব্বইয়ের দশকে ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনেকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এই বিয়েতে অনেক ভক্তের মন ভেঙেছিল। সম্প্রতি 'কৌন বনেগা কোটিপতি'-র মারাঠি সংস্করণের গ্র্যান্ড প্রিমিয়ারে অতিথি হিসেবে গিয়ে সোনালী বেন্দ্রের প্রশ্নের উত্তরে মাধুরী বলেন, 'আমি এমন একজনকে বিয়ে করেছি যে ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে!' তার এই বুদ্ধিদীপ্ত মন্তব্যে দর্শকরা হেসে ওঠেন।
১৯৯৯ সালে শ্রীরাম নেনেকে বিয়ের পর মাধুরী অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করেন। ২০০৭ সালে 'আজা নাচলে' সিনেমার মাধ্যমে তিনি বলিউডে ফিরে আসেন এবং এরপর থেকে বিভিন্ন সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন।



