শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থ দিন, সোমবার মহাষ্টমী। এই দিনে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। মহাষ্টমী পূজার পাশাপাশি আজ অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। গতকাল মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ বেশ কয়েকটি মণ্ডপে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, কুমারী পূজা দেবীর প্রতীক হিসেবে অল্পবয়সী এক বালিকাকে পূজা করার মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়া, বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।










