বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশের বিদ্যুৎ খাতে দ্রুত অর্থায়নের জন্য চীনের এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা এবং ডিপিডিসি নেটওয়ার্ক উন্নয়নে এই অর্থায়নের প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন, স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল ভিত্তি।
বৃহস্পতিবার চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বিদ্যুৎ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৬-এর আওতায় বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানির দিকে রূপান্তরের কথা উল্লেখ করে মন্ত্রী ব্যাংকটিকে ভবিষ্যতের অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।









