অভিনেত্রী ও প্রযোজক দিয়া মির্জা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ববি জাসুস’ ছবিটি নির্মাণের জন্য তিনি নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ছবির শুটিং শুরুর ঠিক আগে স্টুডিও ও অর্থদাতারা সরে যাওয়ায় তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
অর্থ সংকটের মুখেও দিয়া ছবিটি নির্মাণ থেকে পিছিয়ে আসেননি। তিনি ছবির প্রধান অভিনেত্রী বিদ্যা বালানের পারিশ্রমিকেও কোনো কাটছাঁট করেননি, বরং বিদ্যাকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা পারিশ্রমিক দিয়েছিলেন। দিয়ার মতে, ছবির মূল ভার বিদ্যা বালানের চরিত্রের ওপর থাকায় তাঁকে যথাযথ পারিশ্রমিক দেওয়া উচিত ছিল। ছবিটি ব্যবসায়িকভাবে তেমন সফল না হলেও, দিয়া তাঁর এই সিদ্ধান্ত নিয়ে গর্বিত।





