জনপ্রিয় ভারতীয় ক্রাইম শো 'সিআইডি'-র তিন পরিচিত মুখ দয়ানন্দ শেঠি, শিবাজি সাতম এবং আদিত্য শ্রীবাস্তব আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। তারা 'পাপনাশম' নামের একটি নতুন ক্রাইমভিত্তিক সিরিজে অভিনয় করছেন, তবে এবার 'সিআইডি' কর্মকর্তার চরিত্রে নয়, ভিন্ন অবতারে দেখা যাবে তাদের।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দয়ানন্দ শেঠি ইনস্টাগ্রামে নতুন সিরিজটির ঘোষণা দেন এবং একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে পুরো অভিনয়শিল্পী দলকে দেখা যায়, যেখানে তারা 'পাপনাশম' সম্পর্কে জানান। সিরিজটির শুটিং ম্যাঙ্গালোর ও উদুপিতে শুরু হয়েছে। যদিও নতুন সিরিজে তাদের চরিত্র ও গল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে ভক্তদের মধ্যে পুরনো দলকে নতুন ভূমিকায় দেখার আগ্রহ তৈরি হয়েছে।








