দেশের অন্যতম সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক এবার হিপ-হপ ও র্যাপের মিশেলে নতুন গান নিয়ে হাজির হয়েছে। শিল্পী ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’ সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটিতে সমসাময়িক সংগীতের আবহের সঙ্গে হিপ-হপ ও র্যাপের ছন্দ মিলিয়ে ভিন্নধর্মী পরিবেশ তৈরির চেষ্টা করেছেন ক্রাউন ইঞ্জিন।
প্রয়াত গীতিকার ও সুরকার আবদুল লতিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তৈরি করা হয়েছে, যেখানে তার জনপ্রিয় গান ‘পরের জায়গা, পরের জমি’র কথা ব্যবহার করা হয়েছে। গানটির শিল্পী, সুরকার ও গীতিকার ক্রাউন ইঞ্জিন নিজেই। আসিফ ইকবালের প্রযোজনা এবং আলী আদনান আদরের কোরাসে গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে।








