মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক যুদ্ধের কারণে সৌদি আরব ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিতব্য এই উৎসবটি ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। রেড সি ফিল্ম ফাউন্ডেশন বড় এই আয়োজনের সময় ও লজিস্টিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আয়োজকদের মতে, ‘সঠিক সময় ও উপযুক্ত পরিস্থিতিতে’ উৎসব আয়োজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে, পশ্চিম এশিয়াজুড়ে সংঘাত অব্যাহত থাকার মধ্যেই উৎসব স্থগিতের এই সিদ্ধান্ত এল। এর আগে, গত মার্চে জেদ্দায় অনুষ্ঠেয় সৌদি আরবিয়ান গ্রাঁ প্রি-ও বাতিল করা হয়েছিল। মূল উৎসব স্থগিত হলেও, রেড সি ফিল্ম ফাউন্ডেশন বছরজুড়ে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।







