অভিনেত্রী দিয়া মির্জা সম্প্রতি জানিয়েছেন, নিজের প্রযোজিত প্রথম ছবি ‘ববি জাসুস’ নির্মাণের জন্য তাকে নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই নারীপ্রধান ছবিটি নির্মাণের সময় বিনিয়োগকারীরা সরে দাঁড়ালে তিনি ব্যাংক থেকে ঋণ নেন এবং নিজের বাড়ি বন্ধক রাখেন।
দিয়া আরও জানান, নারী প্রযোজক হওয়ায় তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে আর্থিক সংকটের মধ্যেও তিনি ছবির প্রধান অভিনেত্রী বিদ্যা বালানের পারিশ্রমিক কমানোর অনুরোধ করেননি, বরং চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করেছিলেন। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও, পরবর্তীতে দিয়া ধীরে ধীরে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠেন এবং বাড়ির বন্ধক ছাড়িয়ে নেন।








