দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে।



