ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত, গাছ ভেঙে পড়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। বুধবার (২৮ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করেছে এবং এটি 'অতি তীব্র' ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। বিশাখাপত্তনমে সর্বোচ্চ ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেন বাতিল করা হয়েছে।



