বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস যুক্তরাষ্ট্রে তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে দশেরা উৎসব উদ্যাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানের পাশাপাশি নিক তার মেয়ে মালতীর পা ধুইয়ে দিচ্ছেন। এই কন্যাপূজা উৎসবের মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলে।
উৎসব উপলক্ষে পরিবারের সদস্যরা সবুজ রঙের পোশাকে সেজেছিলেন। প্রিয়াঙ্কা পরেছিলেন সালোয়ার-কামিজ, নিক ঐতিহ্যবাহী কুর্তা এবং মালতীকে দেখা যায় ফ্রক ও চুড়িতে। প্রিয়াঙ্কা ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘মা দুর্গার শক্তি, আমাদের প্রার্থনার পবিত্রতা ও দশেরার চেতনা আজ, আগামীকাল এবং সব সময় আমাদের সঙ্গে থাকুক।’







