চীনের প্রতিরক্ষা গবেষকেরা পারমাণবিক শক্তিচালিত একটি ৬০ টন ওজনের ট্যাংকের দীর্ঘমেয়াদি নকশা নিয়ে গবেষণা করছেন। এতে ৫০ মেগাজুল শক্তির একটি ইলেক্ট্রোম্যাগনেটিক রেলগান ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। ২০৪৫ সালের পর পর্যন্ত এই প্রযুক্তি উন্নয়নের সম্ভাব্য পথ নিয়ে চালানো হয়েছে এই গবেষণা।
গবেষণাটি চীনের প্রতিরক্ষা বিষয়ক জার্নাল ‘অ্যাক্টা আর্মামেন্টারি’তে প্রকাশিত হয়েছে। এতে তিন ধাপের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রচলিত ডিজেল ইঞ্জিনে ১০ মেগাজুল শক্তির রেলগান যুক্ত করার কথা বলা হয়েছে, যার পাল্লা ১৫০ কিলোমিটার হতে পারে। দ্বিতীয় ধাপে অস্ত্রের শক্তি ২০ মেগাজুল এবং পাল্লা ৩০০ কিলোমিটারে উন্নীত করার প্রস্তাব রয়েছে। চূড়ান্ত ধাপে ট্যাংকে ১০ মেগাওয়াট ক্ষমতার একটি ছোট মডুলার পারমাণবিক রিঅ্যাক্টর যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে, যা ট্যাংকের ইলেক্ট্রনিক্স ও অস্ত্র ব্যবস্থাকে শক্তি সরবরাহ করবে।





