রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানির প্রথম চালান আকাশপথ ব্যবহারের অনুমতি না পাওয়ায় আটকে গেছে। নির্ধারিত ফ্লাইটটি এখন ভিন্ন রুটে আগামী মাসে পাঠানোর চেষ্টা করছে রাশিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারমাণবিক জ্বালানি পরিবহনে বিশেষ কার্গো উড়োজাহাজ ব্যবহার করা হয় এবং এর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর অনুমতি প্রয়োজন।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ইউনিটের জ্বালানি প্রথমে গত জুনে আসার কথা ছিল, যা পরে পিছিয়ে ২৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। শেষ মুহূর্তে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম জানায়, চালান পাঠাতে বিলম্ব হবে। তবে কোনো দেশের আকাশসীমার অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি আসতে পারেনি, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। প্রকল্পের কাজে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।



