পরিচালনার ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘জোছনায় ফেরা’। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় বৈশাখী টিভিতে নাটকটি প্রচারিত হবে। লেজার ভিশনের প্রযোজনায় শফিকুর রহমান শান্তনু রচিত এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, দীপা খন্দকার প্রমুখ।
নাটকের গল্পে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান, সন্দেহ এবং আত্মদহনকে কেন্দ্র করে কাহিনি আবর্তিত হয়েছে। আয়ান ও আয়রা সুখী দম্পতি হলেও একটি এসএমএসকে কেন্দ্র করে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিদেশ থেকে আয়ানের বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকা অবন্তির আগমন তাদের অশান্ত সংসারে নতুন করে জটিলতা সৃষ্টি করে। নাটকটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলেও ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।








