নেটফ্লিক্সের ২০২৬ সালের প্রথম ছয় মাসের হিসাব অনুযায়ী, ‘হিজ অ্যান্ড হার্স’ সিরিজটি বছরের প্রথমার্ধের সবচেয়ে বেশি দেখা কনটেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ছয় মাসে সিরিজটি মোট ১০ কোটি ৪ লাখ ভিউ অর্জন করেছে। অ্যালিস ফিনির উপন্যাস অবলম্বনে নির্মিত এই রহস্য-থ্রিলার সিরিজটি মুক্তি পায় গত ৮ জানুয়ারি।
সিরিজের গল্প আবর্তিত হয়েছে আনা অ্যান্ড্রুজ ও তার স্বামী জ্যাক হার্পারকে কেন্দ্র করে। আটলান্টার একজন টেলিভিশন সংবাদ উপস্থাপক আনা তার নিজের শহরে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের তদন্তে নামে। কিন্তু তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা জ্যাক, যিনি আনারই বিচ্ছিন্ন স্বামী, তার সঙ্গে আনার সম্পর্ক বিষয়টি জটিল করে তোলে। দুজনই একে অপরকে হত্যাকাণ্ডের সন্দেহভাজন মনে করে, যা কেবল একটি খুনের তদন্তই নয়, বরং একটি ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্কের ভেতরের গোপন কথাও উন্মোচন করে।





