ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন বা ১ কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় অবস্থিত এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে ২০৩০ সাল নাগাদ ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৭টি কূপ খননের প্রক্রিয়া চলমান। এই কূপ থেকে আরও তিনটি কূপ খননের কাজ শেষ হলে দৈনিক আরও ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। বিদেশ থেকে গ্যাস আমদানির উচ্চ খরচ অর্থনীতির জন্য টেকসই নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশীয় উৎপাদন বাড়াতে সর্বশক্তি প্রয়োগ করছে।




