দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং সরবরাহের উৎস বহুমুখীকরণের লক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এর আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আরকাব সমঝোতা স্মারকে সই করেন। এই উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।









