গত বছর ছোট ছেলে বিক্রমের বয়স মাত্র ২৯ দিন হওয়ায় পূজামণ্ডপে যাওয়া সম্ভব হয়নি নয়নী সোমের। এবার তিনি স্বামী বিনয় বিশ্বাস, তিন বছর বয়সী বড় ছেলে রামকৃষ্ণ ও এক বছর বয়সী বিক্রমকে নিয়ে বনানী পূজামণ্ডপে এসেছেন। দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূজার আনন্দ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
রাজধানীর বনানী পূজামণ্ডপে আজ শুক্রবার বিকেলে নয়নীর সঙ্গে কথা হয়। তিনি জানান, এবার দুই ছেলেকে নিয়ে পূজায় আসতে পেরে খুব ভালো লাগছে। গত বছর ছোট ছেলে খুব ছোট থাকায় বের হতে পারেননি। এবার পরিবারের সবাই মিলে ঘুরছেন, নতুন স্মৃতি তৈরি হচ্ছে, ছবি তুলছেন—সব মিলিয়ে এবারের পূজার আনন্দ অন্য রকম।











