নোয়াখালীর সেনবাগে চট্টগ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত খাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া, উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগও উঠেছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসির বিরুদ্ধে একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এর আগে, বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।









