অভিনয়ের বাইরে এবার নিজের নাম, চেহারা ও কণ্ঠস্বরের অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। ৫৭ বছর বয়সী এই তারকা নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।
রিটে অভিযোগ করা হয়েছে, মনোজ বাজপেয়ীর সম্মতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠস্বর হুবহু নকল করা হচ্ছে। এআই চ্যাটবটেও তার ব্যক্তিত্বের নানা দিক বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।





