অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ তাহসিন নূর দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি ওষুধ ও পণ্য পৌঁছে দিতে সক্ষম একটি স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করেছে। মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার দল এই ড্রোনের জন্য রৌপ্যপদক জিতেছে। বাবার চাকরির সুবাদে পাহাড়ি অঞ্চলের মানুষের কষ্ট ও সীমান্তরক্ষীদের চ্যালেঞ্জ কাছ থেকে দেখে তাহসিন এই উদ্ভাবনী চিন্তা করে।
ড্রোনটি ম্যাপ অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে এবং পাঁচ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। এতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও দুর্গম এলাকায় দ্রুত পণ্য সরবরাহে সহায়ক হবে। ৩২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করে।














