বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টারে এক ভিন্নধর্মী লুকে হাজির হয়েছেন। মুখে গোলাপ, হাতে বন্দুক এবং চারপাশে দাউদাউ আগুন—এমন এক অ্যাকশন-রোমান্টিক অবতারে দেখা গেছে ৬০ বছর বয়সী এই অভিনেতাকে। পোস্টারের সঙ্গে দেওয়া বার্তায় তিনি নিজেকে খুনি নয়, প্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, যা তাঁর ১৯৯৯ সালের সিনেমা ‘বাদশাহ’-এর জনপ্রিয় গানের কথার সঙ্গে মিল রেখেছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। বাবা-মেয়ের প্রথম পর্দাজুটি এবং অ্যাকশন-রোমান্সের মিশেলে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।



