বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও প্যারিসের ফ্যাশন মঞ্চে হাঁটতে চলেছেন। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো-তে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তাকে রানওয়েতে দেখা যাবে। আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে-তে আয়োজিত এই অনুষ্ঠানে ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ অর্থাৎ নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের ভাবনাকে মূল প্রতিপাদ্য করা হয়েছে।
ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি নতুন নয়। প্রতি বছরই তার ভিন্নধর্মী সাজ ভক্তদের নজর কাড়ে। গত দুই বছরে লাল গাউন ও মনীশ মালহোত্রার নকশা করা নীল শেরওয়ানিতে দেখা গিয়েছিল তাকে। এবার তিনি কী সাজে হাজির হন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এবারের আয়োজনে তার সঙ্গে হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনারসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা উপস্থিত থাকবেন।





