নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার পর দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার বলেছেন, দলের কোনো কর্মীর ওপর আবার হামলা হলে ‘থানার ইট খুলে নেওয়া হবে’। সোমবার রাতে ফতুল্লা মডেল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে দাঁড়িয়ে তিনি এই হুমকি দেন। এ সময় তার ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যুবাইর সরদার ভিডিওতে বলেন, ‘যদি আমার একটা কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইট পর্যন্ত খুলে নেব।’ হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। এ ঘটনায় বিএনপির ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।







