ইউরোপ পাঠানোর কথা বলে ময়মনসিংহের এক পরিবারের ৫ জনকে পাচারের 'অন্যতম হোতা' মোহাম্মদ আরজু রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি জানিয়েছে, এই চক্রটি এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছে।
এসআরবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, আরজু এক পরিবারের পাঁচ সদস্যকে ইতালি পাঠানোর কথা বলে ৮৫ লাখ টাকা নিয়েছেন। ওই পরিবারকে প্রথমে শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয় এবং সেখানে অমানবিক নির্যাতনের শিকার হন তারা। পরে এক নারীকে মিশরে নিয়ে গিয়েও একই ধরনের নির্যাতন করা হয়। গ্রেপ্তার আরজুর ব্যাংক হিসাবে গত এক বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।








