রাজধানীর বনানী থেকে মোহাম্মদ আরজু রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম মূলহোতা হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
ভুক্তভোগী দুই বাংলাদেশি নারীর অভিযোগ, ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর তাদের মিসরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অনৈতিক কাজে রাজি না হওয়ায় সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীরে ক্ষত সৃষ্টি এবং নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।








