আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
ভিডিওটিতে নুরুল আমিনকে দুই কোটি টাকার লেনদেন এবং দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ সম্পর্কে বলতে শোনা যায়। তিনি বলেন, 'একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নেই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে?' এ ঘটনায় পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, ভিডিওটি জানার পরপরই তিনি বরখাস্তের নির্দেশ দিয়েছেন এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।




