এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি ও ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যে জানানো হবে।
প্রাথমিকভাবে আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান। এবার দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন, যার মধ্যে ১ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ২ বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।






