আরব বিশ্লেষক আবদুলবারি আতওয়ান বলেছেন, ইরান তার বিশেষ কৌশলের মাধ্যমে বিশ্বের সামরিক সমীকরণ বদলে দিয়েছে। মার্কিন বিশেষজ্ঞদের স্বীকারোক্তি অনুযায়ী, ইরান আগ্রাসনকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তিনি উল্লেখ করেন যে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘একটি নতুন যুগ শুরু হয়েছে, যেখানে শত্রুর এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান এবং এর উন্নত সংস্করণ এফ-১৫-কে শিকার ও অনুসরণ করা হবে।’
সৌদি আরবের কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি এবং ইসরাইলের উন্নত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার চেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, গত সাত মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিটি হামলার পর্যায়ে ইরানের নতুন নতুন অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ইসরাইলি ও মার্কিন পক্ষকে বিভ্রান্ত করেছে। তিনি আরো বলেন, মানামায় মার্কিন নৌ-সহায়তা ঘাঁটির ধ্বংস একটি মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংসের সমতুল্য, যা মার্কিন সামরিক কাঠামো ও ভাবমূর্তির জন্য বড় আঘাত।








