ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, যুদ্ধ অবসানের জন্য তেহরান যুক্তরাষ্ট্রকে তাদের শর্তাবলী জানিয়েছে এবং এখন তারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে। রোববার এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, ওয়াশিংটন যদি নিজের তৈরি করা জটিলতা থেকে বের হতে চায়, তাহলে ইরানের অধিকার ও শর্ত মেনে নেয়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া এবং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা। এছাড়া ইয়েমেন ও সৌদি আরবকে জড়িয়ে চলা সংঘাতও বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। রেজাই আরও বলেছেন, ইরানের সামরিক মূল্যায়ন অনুযায়ী দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার সম্ভাবনা খুবই প্রবল এবং যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটাতে তেহরান নতুন একটি কৌশল নিয়ে কাজ করছে।







