চীনে ৩০টি দেশের ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে গণমাধ্যম সহযোগিতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশের বিএনপি মিডিয়া সেলের জাতীয় সমন্বয়কারী ও টিম লিডার (ডিজিটাল) আপেল মাহমুদ অংশ নেন। সেমিনারে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে গণমাধ্যমের ভূমিকা, বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তির পরিবর্তনশীল প্রভাব নিয়ে আলোচনা হয়।
কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা চীনের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপনা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। আপেল মাহমুদসহ প্রতিনিধিরা চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী সুন হাই ইয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।








