তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, হুতিদের চলমান হামলার কারণে সৌদি আরবের সামরিক প্রয়োজন দেখা দিলে পাকিস্তানকে সঙ্গে নিয়ে করা ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় তারা সহায়তা দিতে প্রস্তুত। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে এবং এই চুক্তির আওতায় তারা দৃঢ়ভাবে সৌদি আরবের পাশে আছে।
গত মাসে স্বাক্ষরিত ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে। হুতিদের হামলায় সৌদি আরবের শহর, জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচল লক্ষ্যবস্তু হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ এবং লোহিত সাগর রুট হুমকির মুখে পড়েছে। ফিদান আরও জানান, সৌদি আরবের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জড়িয়ে পড়া গ্রহণযোগ্য নয় এবং যুদ্ধ বন্ধে উভয় পক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।







