বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং আয়কর দপ্তরের তল্লাশি নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, সম্প্রতি যেসব স্থানে আয়কর তল্লাশি চালানো হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিজের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া’ ও ‘অনুমাননির্ভর’ বলেও মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাকুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে বা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে অবৈধ বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন। দেশের ভেতরে বা বিদেশে কারও হয়ে কোনো বেনামি সম্পত্তিও তার নেই বলে দাবি করেন তিনি। তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান এবং চলচ্চিত্রজগতে নিজের পরিশ্রমে ক্যারিয়ার গড়েছেন। ২০ বছর বয়স থেকেই নিয়মিত কর দিয়ে আসছেন বলেও জানান তিনি।






