ভারতের আসাম রাজ্যে বিজেপি সরকার দুই দিনে ১ হাজারের বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করেছে। এদের অধিকাংশই বাঙালি মুসলিম। নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষের দাবি, উচ্ছেদ হওয়া পরিবারগুলো বনভূমির জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিল।
অভিযানের দ্বিতীয় দিন নগাঁও জেলার লুটুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে ছয় শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগের দিন শনিবার তিন জেলায় ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ১০টির বেশি মসজিদও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে কয়েকটি ৫০ বছরেরও বেশি পুরনো।




