বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও প্যারিসের ফ্যাশন মঞ্চে হাঁটবেন। আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো-তে তিনি অংশ নেবেন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ বা নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশ।
ঐশ্বরিয়া ল’রিয়ালের দীর্ঘদিনের শুভেচ্ছাদূত। প্রতি বছরই তার উপস্থিতি এই আয়োজনে বাড়তি আগ্রহ তৈরি করে। এর আগে তিনি নজরকাড়া লাল গাউন এবং গাঢ় নীল মখমলের শেরওয়ানিতে হাজির হয়ে ভক্তদের চমক দিয়েছিলেন। এবার তিনি কোন রূপে ধরা দেবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তার সঙ্গে এই মঞ্চে হলিউডের ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনারসহ আরও অনেক তারকা অংশ নেবেন।





