অপ্রতিম হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাসড়কের কোটবাড়ি এলাকায় আসেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুর এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে মহাসড়ক ছাড়েন তাঁরা। অবরোধ ও বিক্ষোভের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল হাকিম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে এবং আইফোনটিও উদ্ধার করা হয়েছে।




