ঢালিউড তারকা অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা চলছে। একটি ভিডিওতে দেখা গেছে, মেহেদি পরানোর সময় হঠাৎ তাঁকে চুমু দিচ্ছেন এক যুবক। এরপর লাজুক ভঙ্গিতে হেসে ওঠেন অপু। গতকাল শনিবার দিনভর ভিডিওটি ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর নাম আদনান আজাদ। তাঁরা দুজন একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন।
ভিডিওতে অপু বিশ্বাস ও আদনান আজাদকে হবু বর-কনের সাজে দেখা গেছে। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করতে করতেই অপুকে চুমু দিয়ে বসেন আদনান। তাঁদের এই রোমান্টিক মুহূর্তই নজর কেড়েছে নেটিজেনদের। জানা গেছে, চুমুর এই দৃশ্য ইচ্ছা করেই ধারণ করা হয়েছে, যাতে আলোচনা হয়।



