জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন প্রকার টিকার স্টক, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, স্যাটেলাইট ক্লিনিক জোরদারকরণ এবং চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া, দুর্নীতিমুক্ত থাকা এবং হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেওয়া হয়।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বৃদ্ধি, জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে অবহিত করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা, শিশুদের সুচিকিৎসা এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার উপরও জোর দেওয়া হয়।







