বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল অভিনীত 'তু হ্যায় মেরি কিরণ' সিনেমাটি মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। বোম্বে হাইকোর্ট সিনেমাটির সহপ্রযোজকের বিনিয়োগ সুরক্ষিত করতে নির্মাতা প্রতিষ্ঠানকে ৮ কোটি ৮৫ লাখ রুপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সিনেমাটি বাণিজ্যিকভাবে মুক্তি বা প্রদর্শন করা যাবে না।
আদালতের নির্দেশ অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান ইশেলন প্রোডাকশনসকে ৮ কোটি ৮৫ লাখ রুপির সঙ্গে বার্ষিক ১৫ শতাংশ হারে সুদও জমা দিতে হবে। তিন কার্যদিবসের মধ্যে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সহপ্রযোজক এএনডি মুভি প্রোডাক্টস এলএলপির দাবি, তারা বিনিয়োগকৃত অর্থ ফেরত পায়নি। আদালত সিনেমার আয় আলাদা ব্যাংক হিসাবে রাখতে এবং বাণিজ্যিক স্বত্ব সংক্রান্ত চুক্তিতে সহপ্রযোজকের সম্মতি নিতেও নির্দেশ দিয়েছেন।








