বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায়) বেনিনের বিপক্ষে নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ম্যাচের আগে, বিরতিতে এবং শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচি প্রকাশ করেছে।
অনুষ্ঠানে গান, আলোর ঝলকানি এবং জনপ্রিয় আর্জেন্টাইন শিল্পী ও ব্যান্ড দলের পরিবেশনা থাকবে। ম্যাচের আগে জাতীয় সংগীত গাইবেন মালভিনাস যুদ্ধের সাবেক সৈনিক ফাবিও সান্তানা। বিরতির পর থাকছে বিশেষ চমক, যেখানে ড্রোন ও আতশবাজির পাশাপাশি মঞ্চে আসবেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী ‘লা সোলে’ এবং কুয়ার্তেতো গায়ক উলিসেস বুয়েনো।










