মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞার কারণে চীনা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি মনোযোগ দিচ্ছে। শেনঝেন বিশ্ববিদ্যালয়, সিংহুয়া বিশ্ববিদ্যালয় ও হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ‘এনটিটি লিস্টে’ থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানভিত্তিক পেটেন্টে একাডেমিক গবেষণার উদ্ধৃতি ৭২ শতাংশ বেড়েছে। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই বিশ্লেষণ করা হয়।
গবেষণাটি ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রযুক্তি ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ হওয়ায় চীনা প্রতিষ্ঠানগুলো বিকল্প পথ খুঁজছে এবং বৈজ্ঞানিক গবেষণাপত্র ব্যবহার করে উদ্ভাবন করছে। তবে, বৈজ্ঞানিক গবেষণার বিস্তার ও গভীরতায় তারা এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে আছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পেটেন্টে একাডেমিক উদ্ধৃতি থাকলেও চীনে তা ছিল ২২ শতাংশ।





