সৌদি আরবের রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে গত পাঁচ দিনে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবারের হামলায় বাংলাদেশিসহ ১৩ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। সব মিলিয়ে এই হামলায় নিহতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
গত বুধবার প্রথম হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। শুক্রবারের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক প্রাণ হারান। সর্বশেষ রোববারও বিমানবন্দরে হামলা হয়েছে, যাতে কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হুতিদের বিরুদ্ধে সৌদি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এসব হামলা চলছে।







